মহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ০১:৩৩
মহাদেবপুরের ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত একটি ভবন ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা।
 
জানা গেছে, ১৯৯৩ সালে ওই বিদ্যালয়ের একাডেমিক ভবনের ছাদ ও দেয়ালে ফাঁটল দেখা দিলে ভবনটি পরিতাক্ত ঘোষণা করা হয়। এর পর থেকে ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত ভেঙে ফেলার জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, শিক্ষা অধিদপ্তরে একাধিবার আবেদন করা হলেও নেয়া হয়নি কোন ব্যবস্থা। প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন জানান, বিদ্যালয়টিতে বর্তমানে ১২শ’ ৩২ জন শিক্ষাথী পড়ালেখা করছে। পুরাতন ভবনটি পরিত্যাক্ত হওয়ায় ছাত্র-ছাত্রীদের ক্লাসরুম সংকট সৃষ্টি হয়েছে। তিনি ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণ করে সেখানে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান। এ ব্যাপারে নওগাঁর জেলা প্রশাসক ড.আমিনুর রহমান বলেন, সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য গত ২৫ মে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
 
 
ইত্তেফাক/এএন