'যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী সন্তুষ্ট'

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১১:২৮
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফল করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার এই সন্তুষ্টি প্রকাশ করেন।
 
স্থানীয় সময় সোমবার প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি এ বার্তা পৌঁছে দেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নাগরিক সংবর্ধনা, শান্তি র‍্যালি, জন্মদিন উদযাপনসহ সকল কর্মসূচি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় এ সন্তুষ্টি প্রকাশ করেন।
 
সিদ্দিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সকল অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানানো হয়। জবাবে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে জয় সংগঠনের নেতা-কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
 
IMG0
 
প্রধানমন্ত্রীর এ বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ব্যাপক আনন্দিত, উল্লসিত ও গর্বিত বলেও জানান সিদ্দিকুর রহমান। তিনি আরো বলেন, নেতাকর্মীদের পরিশ্রম সফল ও সার্থক হয়েছে। নেত্রীর এ বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উজ্জীবিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
 
গত ১৮ সেপ্টেম্বর কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিউইয়র্কের লাগোর্ডিয়া বিমানবন্দরে ব্যাপক অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রবাসী নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। এদিন  নেতাকর্মীদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। ৭০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রবাসীদের ব্যাপক প্রশংসা করার পাশাপাশি দুর্দিনে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি। ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করার সময়ও প্রধানমন্ত্রীর বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ সর্বস্তরের দলীয় নেতাকর্মী।
 
ইত্তেফাক/আরএ