কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের সাতজনের কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় একটি প্রতারক চক্র।
মঙ্গবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবে এসব প্রতারিত পরিবার সংবাদ সম্মেলন করে তাদের সঙ্গে প্রতারণার বিবরণ তুলে ধরেন।
ভুক্তভোগীদের লিখিত বক্তব্যে জানা গেছে, প্রায় সাত/আট মাস আগে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা ক্যান্টনমেন্টে বার্বুচি, ঝাড়ুদার ও মালি পদে সাতজনকে নিয়োগ দেয়া হবে এমন কথা শুনান প্রতারক চক্রের ভেড়ামারা উপজেলার সেলিম, অব্বাস আলী, রুবেল, মিনার হোসেন, পল্লব মিয়া, শাহিন ও ঈমান আলী। এ সময় চক্রটি জনপ্রতি পাঁচ লাখ টাকার বিনিময়ে যশোর জেলা সদরের রায়পুর গ্রামের আফজাল হোসেন তালুকদারের ছেলে রাসেল তালুকদার, ভেড়ামারা উপজেলার মসলেমপুর গ্রামের বাসের প্রামানিকের ছেলে ভেলসা, নাটোরের লালপুর উপজেলার এবাদত সরদারের ছেলে হাবিবুর রহমানকে চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়। তারা আর্থিক অসচ্ছলতার কারণ এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে চক্রটি জনপ্রতি তিন লাখ টাকায় চাকরি দিতে রাজি হয়ে যায়। এ সময় চাকরি প্রত্যাশীরা সরল মনে গরু, ছাগল, ভিটে বাড়ির জমি, মাঠের জমি কেউ আবার চড়া সুদে টাকা ঋণ নিয়ে প্রতারক ভেলসা, হাবিবুর ও রাসেলের হাতে সাতজন তিন লাখ টাকা করে নগদ ২১ লাখ টাকা দেয়। ৫-৬ মাস পার হয়ে গেলেও ভুক্তভোগীরা চাকরি না পেলে প্রতারক রাসেলকে টাকা ফিরিয়ে দিতে বলা হয়। কিন্তু প্রতারক চক্রটি বলছে, ‘উপর মহলে টাকা দিয়ে দিয়েছি চাকরি তোমাদের হবেই।’ এরপর থেকে প্রতারক রাসেল, ভেলসা ও হাবিবুর সব রকম যোগাযোগ বিছিন্ন করে দিয়ে গা ঢাকা দিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলনে তাদের দুর্দশা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় প্রতারক চক্রটিকে গ্রেফতার ও টাকা উদ্ধারে প্রশাসনের সহোযোগিতা কামনা করেন তারা।
ইত্তেফাক/এএসএমইউ
