কুমিল্লায় দেবিদ্বার উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত মোখলেছুর রহমান (১৮) দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলাধীন কুমিল্লা-সিলেট মহাসড়কের আলিয়াবাদ নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের আলিয়াবাদ নামক স্থানে মঙ্গলবার সকালে কুমিল্লাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার হেলপার মোখলেছুর নিহত হন। এবং লেগুনার চালকসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আনোয়ারা বেগম (৫৫) ও মোশারফ হোসেনকে (২৬) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম কিবরিয়া জানান, বাসটিকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
