পিরোজপুরের মঠবাড়িয়ায় আব্দুল জব্বার হাওলাদার (৫৫) নামে এক ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রাম থেকে গাছে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ভ্যানচালক সোমবার বিকালে বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বাইরে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তবে কি কারণে তার মৃত্যু ঘটেছে পুলিশ ও পরিবারের স্বজনরা কেউ নিশ্চিত করতে পারেনি।
নিহত জব্বার হাওলাদার উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি । আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি আম গাছের সাথে তার লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিহত ভ্যান চালকের লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/এমআই
