রাজশাহীর বাগমারা উপজেলায় গৃহবধূ শারমিন আক্তার লিপিকে যৌতুকের দাবিতে হত্যার দায়ে স্বামী রফিকুল ইসলামকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত। রফিকুল বাগমারার ভবানিগঞ্জ পৌরসভার হিন্দুপাড়ার বাসিন্দা।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক কেএম শহিদ আহমেদ এই রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত রফিকুল কাঠগড়ায় হাজির ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বাগমারার ভবানিগঞ্জ হিন্দুপাড়া গ্রামের রফিকুল ইসলাম যৌতুকের দাবিতে তার স্ত্রী শারমিন আক্তার লিপির উপর বিয়ের পর থেকেই নির্যাতন চালিয়ে আসছিলেন। ২০০৭ সালের ৭ আগস্ট রাতে নির্যাতনের এক পর্যায়ে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। তবে ঘটনা ধামাচাপা দিতে শারমিন আত্মহত্যা করেছেন বলে প্রচার করা হয়। কিন্তু পুলিশ রফিকুলকে আটক করে। পরে পাঁচজনকে আসামি করে বাগমারা থানায় হত্যা মামলা করা হয়। এ মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ইসমত আরা বেগম। আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একরামুল হক ও আসাদুজ্জামান মিঠু।
ইত্তেফাক/এএসএমইউ
