টেকনাফ শাহপরীর দ্বীপ

সবুজ উপকূল রক্ষায় ভূমিকা রাখবে শিক্ষার্থীরা

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৯:২৫
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে শিক্ষার্থীদের নিয়ে সবুজ সুরক্ষার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল ২০১৬’ কর্মসূচি। 
 
মঙ্গলবার (৪ অক্টোবর) শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। 
 
বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষর্থীরা রচনা লিখন, কবিতা/ছড়া লিখন, পত্র লিখন, ছবি আঁকা ও সংবাদ লিখন প্রতিযোগিতায় অংশ নেন। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ‘নতুন প্রজন্মের জন্য চাই সবুজ উপকূল’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ে প্রকাশিত হয় দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র ২য় সংখ্যা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন উপকূল বিষয়ক ওয়েব জার্নাল ‘উপকূল বাংলাদেশ’। উপকূলের পড়ুয়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
 
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- শাহপরীর দ্বীপ হাজী বশির আহমেদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূরুল হক। সভায় সভাপতিত্ব করেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হ্নীলা শাখার ব্যবস্থাপক মো. শাহাদাৎ হোসাইন, শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কলিম উল্লাহ, সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম রেজু, স্থানীয় যুব সমাজের প্রতিনিধি মো. বাছেদ, শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শামসুল আলম প্রমুখ। 
 
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সবুজ উপকূল ২০১৬ স্থানীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সাংবাদিক জসিম মাহমুদ। কর্মসূচির পেক্ষাপট তুলে ধরেন কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ও আয়োজক প্রতিষ্ঠানের প্রধান রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপকূলের সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেয় শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ওমর হায়াত। আর অনুষ্ঠান উপস্থাপনায় ছিল দশম শ্রেণির মো. ইসাহাক শাহ ও ওমর হায়াত। 
   
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উপকূল সুরক্ষায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উপকূল অঞ্চল বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার। ঝড়-জলোচ্ছ্বাস এ অঞ্চলে প্রতি বছর হানা দেয়। এইসব কারণে আজকের পড়ুয়ারা ঝুঁকির মুখে আছে। শিক্ষা ক্ষেত্রে তাদের রয়েছে নানান সমস্যা। এইসব সমস্যা মোকাবেলায় আগামী প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানো নয়, এর পাশাপাশি চারপাশের পরিবেশ রক্ষায় সজাগ হতে হবে। পরিবেশ ও ব্যাপারে সচেতন হতে হবে। লেখালেখির মধ্যদিয়ে শিক্ষার্থীরা অনেক তথ্য আহরণের পাশাপাশি সচেতন হয়ে উঠতে পারে।   
 
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচির আয়োজন করেছে উপকূল বাংলাদেশ। এতে মিডিয়া পার্টনার হিসাবে ছিল একুশে টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, ফিনান্সিয়াল এক্সপ্রেস, রেডিও ভূমি ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম। আইটি পার্টনার ছিল আইটি প্রতিষ্ঠান ডটসিলিকন। আয়োজনে সহযোগিতা করেছে স্কুল পড়ুয়াদের লেখালেখির সংগঠন আলোকযাত্রা। 
 
 
ইত্তেফাক/এমআই