রাঙ্গামাটি শহরের মহিলা কলেজ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতল ভবনে ধসে পড়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার চালাচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহতরা হলেন-পিংকি, উম্মে হাবিবা ও জাহিদ হোসেন।তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের লাশ সদর হাসপাতালে রয়েছে।
জানা যায়, সন্ধ্যায় সরকারি মহিলা কলেজ এলাকায় কাপ্তাই হ্রদ ঘেষে গড়ে উঠা দ্বিতল পাকা ভবন হঠাৎ পানিতে হেলে পড়ে। এতে পাকা ভবনে অবস্থান করা বেশ কয়েকজনের প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হ্রদে হেলে পড়া ভবনের ওপর তলা থেকে লোকজন বের হতে পারলেও নিচ তলা পানিতে তলিয়ে যাওয়ায় কেউই বের হতে পারেনি।
জানা গেছে, ওই ভবনে চার পরিবারের লোকজন বসবাস করতো। ধারণা করা হচ্ছে তারা সবাই আটকা পড়েছে।
হেলে পড়া ভবনে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন। তবে আলোর অভাবে উদ্ধার ব্যাহত হচ্ছে।
খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জোন কমান্ডার মালিক সামস্ উদ্দিন মো. মঈনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/ইউবি
