প্রধানমন্ত্রী মোদি ধনীদের চৌকিদার:প্রিয়াঙ্কা গান্ধী

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০০:৩৭

উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদ তারই। এ প্রবাদ ভারতীয় রাজনীতিতে চিরচরিত। আর তাই উত্তরপ্রদেশ ফিরে পেতে মরিয়া জাতীয় কংগ্রেস। সেই উত্তাপ বাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল রবিবার নির্বাচনী প্রচারে নামার আগে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, দেশের ধনীদের চৌকিদার তিনি। দেশের ধনীদের কর্তব্য পালনে ব্যস্ত চৌকিদার, গরিবদের পরোয়া করেন না। কৃষকেরা দিনরাত পরিশ্রম করেন। কিন্তু উত্তরপ্রদেশ সরকার তাদের ভরণ-পোষণের যথাযথ দায়িত্ব নেয় না। ঋণের চাপে উপায় না পেয়ে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন অনেকে। কিন্তু এসব বিষয়ে কোনো হুঁশ নেই মোদি সরকারের। দেশের ধনীদের চৌকিদার তিনি। পাশাপাশি নরম হিন্দুত্বে ভর করেই উত্তরপ্রদেশে ভোটপ্রচারে নেমেছেন তিনি। একইসঙ্গে বেকারত্ব, কৃষিঋণ মওকুফসহ একাধিক ইস্যুতে প্রচার শুরু করেছেন প্রিয়াঙ্কা। 

এদিকে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন বিজেপির নেতা সুরেন্দ্র সিং। হরিয়ানার এই নেতা কদর্য আক্রমণ করে সোনিয়া গান্ধীর সঙ্গে হরিয়ানার ‘নর্তকী’ স্বপ্না চৌধুরীর তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘ইতালি থেকে নর্তকী সোনিয়াকে বিয়ে করে এনেছিলেন রাজীব গান্ধী। সোনিয়ার সঙ্গে স্বপ্নার পেশা মেলে। তাই তাকে বিয়ে করা উচিত রাহুল গান্ধীর। পেশায় ‘নর্তকী’ স্বপ্না চৌধুরী সালমান খানের সঞ্চালনায় রিয়্যালিটি শো বিগ বসে যোগ দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। সম্প্রতি তার কংগ্রেসে যোগ দেওয়ার খবর চাউর হয়। এরপরই এই মন্তব্য, ওই বিজেপি নেতার। 

যদিও এই প্রথম নয়। নরেন্দ্র মোদির সমালোচনা করায় কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীকেও অশালীন ভাষায় আক্রমণ করেন সুরেন্দ্র সিং। চুলে কলপ লাগিয়ে মায়াবতী যুবতী সাজার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছিলেন তিনি।

অন্যদিকে বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, সবাই নরেন্দ্র মোদিকে হারাতে চান কিন্তু নির্বাচনে লড়াই করতে চান না। বিরোধিরা স্বীকার করেছে যে, নির্বাচনে জিতলেও তাদের প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো নেতা নেই। উত্তরপ্রদেশের আগ্রায় এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।