গ্রিসে বিক্ষুব্ধ পেনশনভোগীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের কারণে ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছে। এ ঘটনার ফলে ভবিষ্যতে প্রতিবাদ-বিক্ষোভ দমনে এই ধরনের কৌশল বন্ধ করার ঘোষণা দিতে বাধ্য হয়েছে দেশটির সরকার।
গত সোমবার পেনশনভোগীরা গ্রিসের রাজধানী এথেন্সের রাস্তায় অবস্থান নেন এবং তারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভের আয়োজক পেনশনারস ফেডারেশন জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসার কাছে একটি রাস্তায় বাস ফেলে রেখে দাঙ্গা পুলিশ তাদেরকে বাধা দেয়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা পুলিশের একটি বাস ঝাঁকাচ্ছেন এবং সেটির ছাদে উঠার চেষ্টা করছেন। পরে পুলিশ তাদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
পেনশনারস ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘আমরা পছন্দ করি না যে, আমাদের রাস্তা অবরুদ্ধ থাকুক। আমরা চাই মিছিল সেই জায়গায় যাক, যেখানে আমরা বিক্ষোভ করতে চাই। তিনি আরো বলেন, ‘তারা কেন বিক্ষোভরত পেনশনভোগীকে ভয় পাচ্ছে? আমরা ম্যাক্সিমোস হাউস (প্রধানমন্ত্রীর বাসভবন) ভাঙচুর করতে যাচ্ছিলাম না। আমাদের সেই রকম কোনো ইচ্ছা ছিল না।’
পেনশনভোগীদের লক্ষ্য করে এভাবে টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনাটি গ্রিসে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষিতে সরকারের একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী নাগরিক সুরক্ষামন্ত্রীকে ডেকে বলেছেন, তিনি এই সমস্যার সমাধান করতে চান এবং পুনরায় টিয়ার গ্যাস ব্যবহার চান না। এদিকে এক বিবৃতিতে ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রতিবাদকারী এবং পেনশনভোগীদের বিক্ষোভে টিয়ার গ্যাস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে। আল জাজিরা
ইত্তেফাক/এমএএস
