তুরস্কে ১৩ হাজার পুলিশ সাময়িক বরখাস্ত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২১:৫৯
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে প্রায় ১৩ হাজার পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের পুলিশ সদর দপ্তর মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
 
গত জুলাইয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন ওই অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ তুরস্কের। অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে হাজার হাজার সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
 
তুর্কি পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়, অভ্যুত্থান চেষ্টা নিয়ে তদন্তের অংশ হিসেবে ১২ হাজার ৮০১ জন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ফেতুল্লা গুলেনের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গুলেনের সমর্থকদের চিহ্নিত করতে পুলিশ বাহিনীর মধ্যে তদন্ত শুরু করে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশ সদস্য বরখাস্তের সিদ্ধান্ত হয়।
 
বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে বরখাস্তের সিদ্ধান্ত এমন সময়ে এলো, যার মাত্র একদিন আগে জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাসের জন্য বাড়ানো হয়েছে। সেনা অভ্যুত্থানের পর থেকেই তিন মাস ধরে তুরস্কে জরুরি অবস্থা জারি ছিল।
 
উল্লেখ্য, ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কে গণহারে ধরপাকড়, চাকরিচ্যুতকরণ, সাময়িকভাবে বরখাস্তের মতো ঘটনা ঘটছে। -এএফপি ও রয়টার্স
ইত্তেফাক/এমএএস