নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ০০:৩১
সংস্কারের এক বছরের মধ্যেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদর থেকে ভাদুরিয়া বাজার রাস্তাটি। রাস্তাটি খানা-খন্দকসহ গর্ত হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। রাস্তার ওপর পানি জমে থাকায় পথচারীদেরকেও ঝুঁকি নিয়েই কাদাপানির মধ্যেই চলাচল করতে হচ্ছে।
 
স্থানীয়রা জানান, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে গত বছর নবাবগঞ্জ সদর থেকে দাউদপুর হয়ে ভাদুরিয়া বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি স্থান ভেদে সংস্কার ও মেরামত করা হয়। মেরামতের বছর ঘুরতে না ঘুরতে রাস্তাটির শুরু থেকে শেষ পর্যন্ত ইট-খোয়া, পিচ-পাথর উঠে গিয়ে অসংখ্য খানাখন্দকসহ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর পানি জমছে। এতে যানবাহনসহ মানুষকে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। অসুস্থ রোগী বিশেষ করে গর্ভবতী নারীদের এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে তাদের অবস্থা আরো কাহিল অবস্থা। সড়কটি নির্মাণে নিম্নমাণের ইটখোয়া, পাথর ও পিচ ব্যবহার করায় এক বছরের মধ্যে রাস্তাটির বেহাল দশা হয়েছে।
 
উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি জমশেদ আলী বলেন, রাস্তার ওপর খানা-খন্দকসহ গর্তের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই চার্জার রিকশা ও অটোচার্জারসহ অন্যান্য যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে।
 
দ্বিমুখী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম বলেন, নবাবগঞ্জ উপজেলা সদরের এটি প্রধান রাস্তা। এই রাস্তার পাশেই স্কুল-কলেজসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রাস্তায় খানাখন্দকসহ গর্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমছে রাস্তার ওপর। এতে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে আসতে গিয়ে কাপড়-চোপড় কাঁদাপানিতে ভিজে নষ্ট হচ্ছে।
 
উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
 
 
 

ইত্তেফাক/এএন