উজিরপুরে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ০০:৩৭
উজিরপুরে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে প্রভাবশালীরা একের পর এক বহুতল ভবন নির্মাণ করছেন।
 
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড থেকে এক সময়ের ঐতিহ্যবাহী শিকারপুর (ফেরিঘাট) বন্দরের মহাসড়কের দুই পাশে সরকারি জায়গায় প্রভাবশালীরা প্রথমে টিনসেড ঘর উত্তোলন করলেও এখন রাস্তার পাশ ঘেঁষে বহুতল পাকা ভবন নির্মাণ করছেন। গত এক সপ্তাহ ধরে ওই এলাকার মৃত সুলতান খানের পালিত ছেলে বেল­াল খান অনেক শ্রমিক নিয়োগ করে রাত-দিন কাজ চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের পাকা ভবন নির্মাণ করছেন। ইতোপূর্বে পাশাপাশি আলী খানের ছেলে সোহেল খান, সাইদুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তি অর্ধশত পাকা ভবন নির্মাণ করছেন। এ ছাড়া ইচলাদী বাসস্ট্যান্ডে উজিরপুর সড়কে সরকারি খালের উপর আহম্মেদ রনি নামে এক ব্যক্তি বহুতলা পাকা ভবন নির্মাণ করেছেন।
 
পাকা ভবন নির্মাতা বেল­াল খান জানান, বিল্ডিং সরকারি জায়গায় করা হয়েছে সত্য। তবে আশপাশে সবাই সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণ করছে তাই আমিও করেছি। প্রশাসনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বিষয়টি অবহিত আছেন।  বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আ. খালেক বলেন, আমাদের কোনো কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো ব্যক্তি সরকারি জায়গায় পাকা ভবন করতে পারবে না। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 
ইত্তেফাক/এএন