বগুড়ার নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১০:৩১
 
বগুড়া শহরের নিউ মার্কেটের ছমির উদ্দিন মার্কেট অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। আগুনে পুড়ে গেছে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান।
 
মঙ্গলবার দিবাগত রাত ১১টায় শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত সবচেয়ে বড় এই মার্কেটের দোতলার  এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
 
IMG0
 
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আসন্ন শারদীয় দুর্গা উত্সবকে সামনে রেখে গভীর রাতেও মার্কেটে বেচাকিনি চলছি। রাত ১১টার দিকে মার্কেটের ২য় তলায় অবস্থিত শাড়ি প্যালেস দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেটি আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় আগুন আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে নারী, শিশু ও ফায়ার সার্ভিস কর্মীসহ কমপক্ষে ১০ জন।
 
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, বগুড়ার তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও রাত দেড়টার দিকে তাদের সাথে শিবগঞ্জ, সারিয়াকান্দি ও গাবতলীর তিনটি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তাত্ক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা না গেলেও বাজারের অন্তত ১২টি দোকানের প্রায় চার কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
 
IMG1
 
এদিকে ঘটনার পর পরই বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ঘটনাস্থলে যান। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোতলার শাড়ি প্যালেস থেকে আগুনের উত্পত্তি হলেও পরে তা ছড়িয়ে পড়ে।  দমকলের ছয়টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা ধরে আগুন নেভাতে কাজ করে।
 
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইউনুস আলী জানান, দ্বিতীয়  তলায় আগুনের সূত্রপাত হলেও তা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ায় এবং রাতে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে । 
 
IMG2
 
এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা তাত্ক্ষণিকভাবে কিছু জানাননি। তবে মার্কেটের কয়েকজন ব্যবসায়ী দাবি করেন যে, পূজো উপলক্ষে শাড়ি প্যালেস এবং রনি ক্লথ স্টোরসহ মার্কেটের ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে প্রায় চার-পাঁচ কোটি টাকার শাড়ি, থ্রিপিস মজুদ ছিল। যার বেশিরভাগই পুড়ে গেছে।
 
 
ইত্তেফাক/এএসএস