কুষ্টিয়ার মিরপুরে জাসদ নেতা-কর্মীদের হামলায় উজ্জ্বল প্রমানিক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল রবিবার উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষ্মীপুর বিদ্যালয় কেন্দ্রে ফলাফল গণনা শেষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামারুল আরেফিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাসদের ফারুকুজ্জামানের চেয়ে বেশি ভোট পাওয়ায় আওয়ামী লীগ কর্মীরা তাত্ক্ষণিক আনন্দ মিছিল বের করে। মিছিলটি ওয়াহেদ মোড়ে এসে পৌঁছালে জাসদ কর্মীরা বাটখারা ছুড়ে মারে এবং ওই বাটখারার আঘাতে উজ্জ্বল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। উজ্জ্বল পাহাড়পুর-লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
তবে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান। হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উজ্জ্বল প্রমানিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানায়। এদিকে উজ্জ্বল প্রমানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মিরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
