বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মেশিন তৈরি করার স্বীকৃতি হিসেবে রসায়নে এবারের নোবেল পুরস্কার দেয়া হয়েছে। অণু আকারের মেশিন তৈরি নিয়ে গবেষণা করেছেন এই বিজ্ঞানীরা।
বুধবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ফরাসী বিজ্ঞানী জ্যা পিয়েরে সভেজ, যুক্তরাজ্যের স্যার ফ্রেজার স্টোডার্ট ও নেদারল্যান্ডসের বার্নার্ড এল ফেরিঙ্গার নাম ঘোষণা করে নোবেল কমিটি।
তারা যে মেশিন তৈরিতে কাজ করেছেন তা মানুষের চুলের হাজার ভাগের আকারের। এই আকারের মেশিন দিয়ে শরীরের ভেতরে নির্দিষ্ট যায়গায় ওষুধ দেয়া সম্ভব হবে। উদাহরণ হিসেবে বলা যায়, এর সাহায্যে সরাসরি ক্যান্সার আক্রান্ত কোষে ওষুধ প্রয়োগ করা যাবে।
এ বছরের নোবেলজয়ীরা বিভিন্ন অণুকে এক সঙ্গে জুড়ে দিয়ে আণুবীক্ষণিক মোটর থেকে শুরু করে গাড়ি পর্যন্ত তৈরি করতে সফল হয়েছেন। এই প্রযুক্তি ব্যবহার করে ক্ষুদ্রাকার পেশি তৈরি করা সম্ভব।
পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটির অলফ রামস্ট্রম বলেন, 'আণবিক স্তরে গতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন এই তিন বিজ্ঞানী।'
জ্যা পিয়েরে সভেজ ১৯৪৪ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে স্ট্রসবুর্গ বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। স্যার ফ্রেজার স্টোডার্ট ১৯৪২ সালে যুক্তরাজ্যের এডিনবার্গে জন্মগ্রহণ করেন। তিনি এখন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে যুক্ত রয়েছেন। আর নেদারল্যান্ডসের বার্নার্ড এল ফেরিঙ্গারের জন্ম ১৯৫১ সালে। দেশটির গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন তিনি।
