গত কয়েক দশকের মধ্যে শক্তিশালী হারিকেনের আঘাতে হাইতিতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। উদ্ধার ও ত্রাণ সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন কর্মকর্তারা।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হারিকেন ম্যাথিউয়ের আঘাতে হাইতির একাংশ বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দেশটিতে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়, প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাস হয়েছে।
ম্যাথিউ এখন কিউবার উত্তর-পূর্ব উপকূল হয়ে ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। ফ্লোরিডায় ইতোমধ্যে হারিকেনের সতর্কতা জারি করা হয়েছে। আর দক্ষিণ ক্যারোলাইনায় ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।
ধারনা করা হচ্ছে ক্যাটাগরি-৪ ঝড়ে পরিণত হওয়া ম্যাথিউ চলতি সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলে আঘাত হানতে পারে।
কিউবাতেও হারিকেন ম্যাথিউয়ের প্রভাব পড়েছে। তবে হাইতির চেয়ে কিউবায় কম ক্ষতি হয়েছে। সূত্র: বিবিসি, এএফপি
ইত্তেফাক/এমএএস
