আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না : অলি আহমদ

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:৪৪

আসন ভাগাভাগি প্রসঙ্গে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জোটের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না। বরং যোগ্য ও জনগণের মনের মানুষদেরই নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন দেয়া হবে। গতকাল রাজধানীর বনানীতে ফিউশন হান্ট হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এরজন্য প্রয়োজন জনগণের সত্ সাহস এবং সচেতনতা। তফসিল ঘোষণার পরেও বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন কমিশন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন পরিচালনায় যেসব কর্মকর্তা নিয়োজিত থকবেন কমিশনকে তাদের দায়িত্ব নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।