ভারত ও পাকিস্তানের মন্ত্রীর টুইটারে বাদানুবাদ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০০:৪২

পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘটকিতে দুই হিন্দু নারীকে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তবে এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর মধ্যে টুইটারে বাদানুবাদ হয়েছে। সুষমা স্বরাজ টুইটারে জানান, হিন্দু নারীকে ধর্মান্তরিত করার বিষয়ে তিনি পাকিস্তানে দিল্লির হাইকমিশনকে রিপোর্ট দিতে নির্দেশনা দিয়েছেন। এরপর ফাওয়াদ চৌধুরী বলেন, ম্যাডাম এটা পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু। আশ্বস্ত করতে চাই এটা মোদির ভারত নয় যেখানে সংখ্যালঘুরা অবহেলার শিকার হন, এটা ইমরান খানের নয়া পাকিস্তান। আশা করি আপনি ভারতেও সংখ্যালঘুদের বিষয়ে একই ব্যবস্থা নেবেন। সুষমা স্বরাজ বলেন- জনাব চৌধুরী, আমি তো কেবল হাইকমিশনকে হিন্দু নারীকে ধর্মান্তরিত করার বিষয়ে প্রতিবেদন পাঠাতে বলেছি। তবে আপনি যে বিবেকের কাছে দায়বদ্ধ তা দেখিয়ে দিয়েছেন। এরপর ফাওয়াদ চৌধুরী আবারো গুজরাট এবং জম্মুতে সংখ্যালঘুদের দেখভালে দায়িত্ব পালন করতে সুষমা স্বরাজের প্রতি আহবান জানান। জবাবে সুষমা স্বরাজ আগের বার্তাটিই আবার টুইট করেন। -এনডিটিভি ও ডন