চলাচলের অযোগ্য আত্রাইয়ের রেলওয়ে বাইপাস সড়ক

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০১:৩০
নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে বাইপাস থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের এক কিলোমিটার সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে থাকা ছোট-বড় গর্তে পানি জমে যায়। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
 
জানা গেছে, উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে বাইপাস হতে উপজেলা পরিষদ পর্যন্ত মাত্র এক কিলোমিটার রাস্তা। রাস্তাটি দীর্ঘদিন থেকে মেরামত না করায় রাস্তার বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি জমে যায়।
 
ভ্যান চালক আব্দুর রহিম জানান, এ রাস্তায় ভ্যান চালানোতে একদিকে জীবনের ঝুঁকি অপরদিকে ভ্যানের যন্ত্রাংশও খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তারপরও পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান চালাতে হয়।
স্থানীয় কাশেম উদ্দিন, উত্তম সরকার, আমজাদ হোসেন জানান, উপজেলার পশ্চিম, দক্ষিণ ও উত্তরাঞ্চল এলাকার লোকজনের থানা, স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উপজেলা পরিষদের সঙ্গে যোগাযোগের জন্য এই একটি মাত্র রাস্তা। উপজেলার এত জনগুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরও তা সংস্কারে কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ।
 
কলকাকলী মডেল কিন্ডারগার্টেন স্কুল ও কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমান বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপজেলা পরিষদের সকল লোকজনসহ সর্বস্তরের জনসাধারণ যাতায়াত করে থাকেন। বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকার কারণে প্রায়ই যানবাহনের চাকার কাদা-পানি ছিটকে শিক্ষার্থীসহ সকলের পোষাক নষ্ট হয়ে যায়। এতে চরম বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়।
 
উপজেলা পরিষদের ভাইস (মহিলা) চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। যদিও এটি সড়ক ও জনপথ বিভাগের রাস্তা তারপরও উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছুটা হলেও সংস্কার করা যায়। তাহলে উপজেলাবাসি দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন। রাস্তাটি সংস্কারের জন্যে আমি একাধিকবার উপজেলা পরিষদের সমন্বয় সভায় উত্থাপন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
 
নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশুলী হামিদুল হক জানান, ইতিমধ্যে রাস্তাটি সংষ্কারের জন্যে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
 
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, রাস্তাটি সংষ্কারের জন্যে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।
 
 
 
 
ইত্তেফাক/এএন