নিখোঁজের ১৫ ঘণ্টা পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহীদ (১১) রংপুরের পীরগঞ্জ উপজেলার জামদানি গ্রামের আজিজার রহমান মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শহীদ পার্শ্ববর্তী ও স্থানীয় জামদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পরিবার জানায়, শহীদ লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে তার বাবার রিকশা-ভ্যানটি গ্রামের সড়কে চালিয়ে দরিদ্র পরিবারকে সাহায্য করতো।
পুলিশ জানায়, শহীদ বুধবার স্কুল ছুটির পর বিকাল সাড়ে তিনটার দিকে রিকশা-ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও সে বাড়ি ফিরে না এলে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করে। পরে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই এলাকার ছাইগাড়ী-মোংলাপাড়া সড়কের পাশে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে রিকশা ভ্যানটি নিয়ে গেছে। এবং লাশ এখানে ফেলে যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
