ডিএসইতে একমাসে সূচক বেড়েছে ১৫১ পয়েন্ট

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৩:২৯
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক মাসে সার্বিক মূল্য সূচক বেড়েছে ১৫১ পয়েন্ট। এ সময়ে শুধু দুইদিন সূচক কমেছে। অবশিষ্ট ১৭ কর্মদিবসই সূচক বেড়েছে। ডিএসইর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সব সময়ই বছরের এই সময়ে এসে বাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত বছর সেপ্টেম্বরে ডিএসইএক্স ৪ হাজার ৮৫০ ছাড়িয়ে যায়। এবার সেপ্টেম্বর থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কোম্পানির লভ্যাংশ দেওয়ার প্রবণতাকে কেন্দ্র করে এই সময়ে শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। তাছাড়া এখন বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাও বেড়েছে। এজন্যই সূচক বাড়ছে। সঙ্গে বাড়ছে লেনদেনও।
 
বুধবার ডিএসইতে ৫২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ৫৩ লাখ টাকা কম লেনদেন। গতকাল ডিএসইতে ৫৬২  কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিকে গতকাল ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৩ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০২ পয়েন্টে।