রামগতিতে পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৪:২২
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত আবদুল কাদের (৪০) স্থানীয় সুপিরহাট বাজারের পোল্ট্রি মুরগীর ব্যবসা করতেন।
 
বুধবার সকালে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মালেক বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেছেন। এ অভিযোগে বুধবার রাতেই এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সুপিরহাট বাজারে ব্যাবসায়ীদের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দোষীদের শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, বাজার উন্নয়ন কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান জসিম ও সাধারণ সম্পাদক মো. সফিক উদ্দিন।
 
নিহতের বড় ভাই আবদুল মালেক জানান, কাদের এবং জয়নালের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে কাদেরের বাড়ির দরজার একটি গাছ জয়নাল কেটে নিয়ে যায়। এ সময় কাদের বাড়িতে ছিলেন না। বিকেলে এ নিয়ে উভয়ের মধ্যে বাক্বিতণ্ডা হয়। বুধবার সকালে কাদের বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় জয়নাল ও তার ছেলে সাদ্দাম হোসেন, সাইমুন, নোমান, আরিফসহ কয়েক জন সন্ত্রাসী কাদেরের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ