ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কলেজ ছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে দুই ছাত্রকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, বৃহস্পতিবার সরকারি কেএম বিশ্ববিদ্যালয়ের জনৈক ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় দুই কলেজ ছাত্র তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে। কলেজ কর্তৃপক্ষ ও কলেজের অন্য ছাত্ররা বখাটে দুই ছাত্রকে ধরে অধ্যক্ষর কক্ষে আটকে রাখে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তাদের কাছে একটি অত্যাধুনিক ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পুরবী গোলদার দুইজনকেই এক বছর করে কারাদণ্ড প্রদান করে তাদের জেল হাজতে পাঠায়।
অপর দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক অভিযুক্ত দুই ছাত্রকেই সাময়িকভাবে বহিষ্কার করে।
বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালি জানায়, সকালে ক্যাম্পাসের ভেতরে মানবিক বিভাগের ছাত্রী তুলি আক্তারকে ১ম বর্ষের ছাত্র সবুজ মাতুব্বর প্রেমের প্রস্তাব দেয়। সে সময় ছাত্রীটি প্রস্তাব প্রত্যাখান করলে সবুজ তার বন্ধু ২য় বর্ষের ছাত্র সুজন মোল্লাকে নিয়ে মেয়েটির উপর হামলা চালায়। পরে কলেজের অন্য ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকরা গিয়ে ওই দুই ছাত্রকে আটক এবং মেয়েটিকে উদ্ধার করে।
ইত্তেফাক/এএসএমইউ
