ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরে পিডিবির ঝুঁলে থাকা তারে জড়িয়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আফরিন ওই এলাকার কাঠ মিস্ত্রি আল আমীনের ছেলে।
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পৌর সদরের ভালুকজান বন্দের বাড়িতে এ ঘটনা ঘটে। আফরিন একটি প্রিক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পিডিবি বাঁশ ও জীবন্ত গাছে তার পেঁচিয়ে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। বুধবার রাতে বাঁশের খুঁটি থেকে তার ঝুলে ধান ক্ষেতের উপর পড়লে রাতেই পিডিবি অফিসকে জানানো হয়। কিন্তু এ ব্যাপারে পিডিবি অফিস কোনো ব্যবস্থা নেয়নি। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে খেলতে আসা শিশু আফরিন ঝুলে থাকা ওই তারে জড়িয়ে মারা যায়।
এ নিয়ে বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরে প্রতিবাদ মিছিল করে থানায় লিখিত অভিযোগ করেছে।
পিডিবির আবাসিক প্রকৌশলী মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিদ্যুতের তার ঝুলে থাকার ব্যাপারে কেউ কিছুই জানায়নি। ঘটনার পর জানানো হয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ
