শিক্ষাবিদ ও উন্নয়ন কর্মীরা শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, নতুন প্রজন্মকে রক্ষা করতে শিশুবান্ধব পরিবেশ প্রয়োজন।
তারা বলেন, শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, যাতে আজকের শিশুরা আগামী দিনে জাতির মূল পরিচালন শক্তি হিসেবে দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
শিশুদের যোগ্য নাগরিক ও সমাজে অবদান রাখার জন্য গড়ে তুলতে তাদের সকল ধরনের নিষ্ঠুর আচরণ, নিপীড়ন ও বঞ্চনা থেকে মুক্ত রাখা অত্যাবশ্যক বলে বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন, এ ব্যাপারে সামাজিক দায়বদ্ধতা ও রাজনৈতিক সদিচ্ছা অত্যাবশ্যকীয়।
আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের যুব সংগঠন যৌথভাবে বুধবার শিশু অধিকার রক্ষা বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় সার্বিক সহযোগীতা করেন সেভ দ্যা চিলড্রেন এবং আইএনসিআইডিআইএন (ইনসিডিন)।
প্রধান অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. ফাইজুর রহমান বলেন, শৈশবে শিশুদের সহিংসতা ও বঞ্চনা থেকে মুক্ত না রাখা গেলে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ সম্ভব নয়।
শিশুদের আগামী দিনের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি সুপ্ত বুদ্ধি বিকাশের মাধ্যমে দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ গঠনে শিশুদের সমঅধিকার নিশ্চিতের আহ্বান জানান।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ওয়ারদাতুল আকমামের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন লিডারশিপ ইন ফ্রেন্ডলি এডুকেশন চেয়ারম্যান রিয়াল আহসান, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএমএ জাহিদ, চাইল্ড রিস্ক লিঙ্ক সমন্বয়ক অধ্যাপক জুলফিকার আলী এবং ইনসিডিন এর বাংলাদেশ প্রতিনিধি মুসফিকুর রহমান সাব্বির।
আলোচনায় মূল ধারণাপত্র উপস্থাপনকালে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতানা মুস্তাফা খানম বলেন, যৌন নিপিড়ন, আত্মহত্যা এবং শিশু পাচার ক্রমান্বয়ে বেড়ে যাওয়ায় তারা মৌলিক অধীকার থেকে বঞ্চিত হচ্ছে।
সমাজবিজ্ঞানীরা বলেন, শিশুদের সব রকম শ্রম, সহিংসা, নিপিড়ন ও নির্যাতন থেকে নিরাপদে রাখা উচিত, যাতে তারা যোগ্য করে গড়ে তুলে আগামী দিনে দেশের জন্য কাজ করতে পারে। তিনি শিশুদের নিপাপত্তা নিশ্চিত এবং জাতির বৃহত্তর স্বার্থে বাল্যবিবাহ বন্ধের ওপর জোর দেন।
এরপর শিশুর অধিকার বিষয়ের ওপর এক বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাসস।
