পুঁজিবাজার থেকে বুকবিল্ডিং পদ্ধতিতে সেবা ও আবাসন খাতের কোম্পানি ডেল্টা হসপিটাল লিমিটেড মূলধন উত্তোলন করতে চায়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে রোড শো আয়োজন করেছে।
রোড শো-তে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ডেল্টা হসপিটাল শেয়ারবাজার থেকে প্রিমিয়ামসহ মোট ৫০ কোটি টাকা উত্তোলন করতে আগ্রহী। উত্তোলন করা ওই টাকার মধ্যে ৩১ কোটি ৯ লাখ টাকা দিয়ে যন্ত্রাংশ কেনা হবে। আর ১৬ কোটি ৬৬ লাখ টাকা ব্যাংক ঋণ পরিশোধ এবং অবশিষ্ট ২ কোটি ২৫ লাখ টাকা আইপিও বাবদ খরচ করা হবে।
ডেল্টা হসপিটাল লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. বাকবুল ইসলাম জানান, ডেল্টা হসপিটালে আধুনিক চিকিত্সা প্রদান এবং ব্যবসা সম্প্রসারণের জন্য আমরা শেয়ারবাজারে আসতে আগ্রহী। এখান থেকে মূলধন সংগ্রহের মাধ্যমে যন্ত্রাংশ ক্রয় ও ব্যাংক ঋণ পরিশোধ করা হবে।
বাকবুল ইসলাম আরো জানান, ২০১৫-১৬ অর্থবছরে কোম্পানিটির প্রতিটি শেয়ারে (ইপিএস) ১ দশমিক ৮৮ টাকা আয় হয়েছে। কোম্পানিটির মূলধন সংগ্রহের কাজে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। রেজিস্ট্রার টু দি ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
রোড শোতে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজড পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
