বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে জামদানি। চলতি অক্টোবরের মধ্যেই এটি নিবন্ধিত হবে। বিসিকের আবেদনের প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতর (ডিপিডিটি) জামদানিকে এ নিবন্ধন দেবে। বিশ্ব মেধাসম্পদ সংস্থার ৫৬তম বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য তুলে ধরেন।
৪ অক্টোবর জেনেভায় অবস্থিত ডবিউআইপিও এর সদর দফতরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সম্মেলনে অন্যদের মধ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস গারি, এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে ভারতসহ সংস্থার সদস্যভূক্ত দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
শিল্প সচিব বলেন, নাগরিকদের সৃজনশীল উদ্ভাবনের মালিকানা সুরক্ষায় বিদ্যমান মেধাসম্পদ আইন ও বিধিমালার সংশোধন করা হচ্ছে বলে তিনি জানান। মেধাসম্পদের সংরক্ষণ, উন্নয়ন ও নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থার সহায়তায় ইন্ডাস্ট্রিয়াল প্রোপারটি রাইটস্ প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদফতরে কার্যক্রম আধুনিকায়ন করা হয়েছে।
ইত্তেফাক/এএম।
