সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো দুই মাসে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার সম্মুখীন হয়েছে। সিরিয়ায় জাতিসংঘের দূত স্টাফান ডি মিস্তুরা রাশিয়া ও সিরিয়ার প্রতি জঙ্গিদের হত্যা করতে গিয়ে শহর ধ্বংস করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, লড়াই বন্ধ করতে প্রয়োজন হলে আল কায়েদা সংশ্লিষ্ট যোদ্ধাদের ব্যক্তিগতভাবে শহর থেকে বের হতে সহায়তা করবেন। জাতিসংঘ বলেছে, যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোর পূর্বাঞ্চলে ২ লক্ষ ৭৫ হাজার বেসামরিক নাগরিক আটকে পড়ে আছে। ডি মিস্তুরা বলেন, বাস্তবতা হচ্ছে দুই মাসের মধ্যে আলেপ্পোর পূর্বাঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হাজারো বেসামরিক নাগরিক যারা জঙ্গি নয় তারা নিহত ও আহত হবে।
রাশিয়া ও সিরিয়ার দাবি তারা আলেপ্পোয় আল কায়েদা সংশ্লিষ্ট জাবলেত ফাতেহ আল শাম এর জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ডি মিস্তুরা এই জঙ্গিদের উদ্দেশ্য করে বলেন, ৯০০ জন জঙ্গির জন্য ২ লক্ষ ৭৫ হাজার মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। আমি তাদের বলছি, যদি তোমরা সম্মানের সঙ্গে অস্ত্রসহ শহর থেকে বের হয়ে ইদলিব বা অন্য যেকোনো জায়গায় যেতে চাও তাহলে আমি ব্যক্তিগতভাবে তোমাদের পার করে দিয়ে আসবো। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ
