বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে জামদানি। চলতি অক্টোবরের মধ্যেই এটি নিবন্ধিত হবে। বিসিকের আবেদনের প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) জামদানিকে এ নিবন্ধন দেবে।
বিশ্ব মেধাসম্পদ সংস্থার ৫৬তম বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য তুলে ধরেন। গত ৪ অক্টোবর জেনেভায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস গারি, এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে ভারতসহ সংস্থার সদস্যভূক্ত দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
সিনিয়র শিল্প সচিব বলেন, 'জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার মেধাসম্পদের সুরক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভৌগলিক নির্দেশক বা জিআই পণ্যের নিবন্ধন দিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে জিআই আইন ও বিধিমালা প্রণয়ন করেছে।' নাগরিকদের সৃজনশীল উদ্ভাবনের মালিকানা সুরক্ষায় বিদ্যমান মেধাসম্পদ আইন ও বিধিমালার সংশোধন করা হচ্ছে বলে তিনি জানান।
সম্মেলনে সিনিয়র শিল্পসচিব দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি এলডিসি গ্রুপের পক্ষে বক্তব্য তুলে ধরেন। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদপ্তরের রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন প্রতিনিধিদলে সদস্য হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
