দ্বিতীয় বিতর্কের জন্য কঠিন প্রস্তুতি হিলারি ও ট্রাম্পের

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ০০:২৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় প্রেসিডেন্ট বিতর্কের জন্য কঠিন প্রস্তুতি নিচ্ছেন দুই প্রার্থী। বিতর্কের জন্য দুই প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণার কাজও কমিয়ে এনেছেন। ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রথম বিতর্কের জয় ধরে রাখার চেষ্টা করবেন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে তার নড়বড়ে অবস্থান থেকে উন্নতি করতে চান। এই বিতর্কে জয়ের মাধ্যমে তিনি তার জনপ্রিয়তা বাড়াতে চান। আগামী রবিবার সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কে সঞ্চালক হিসেবে থাকবেন এবিসি নিউজের মার্থা রাড্ডাটজ। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের স্ত্রী হিলারিকে ভোট দেবেন। অন্যদিকে প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তা ফের বেড়েছে। খবর সিএনএন’র
 
গত বুধবার ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্টদের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ভাইস প্রেসিডেন্ট বিতর্কে দুই প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার ব্যবধান খুব বেশি নয়। ফলে দুই প্রেসিডেন্ট প্রার্থী দ্বিতীয় বিতর্কের মাধ্যমে তাদের জনপ্রিয়তা বাড়াতে চাইবেন। চলতি সপ্তাহে জরিপে দেখা গেছে, হিলারি ট্রাম্পের চেয়ে জাতীয়ভাবে এবং সুইং স্টেটগুলোতে এগিয়ে আছেন। হিলারির প্রচারণা বিভাগ সূত্রে জানা গেছে, তিনি নির্বাচনী প্রচারে আপাতত যাচ্ছেন না। মিডিয়ার সামনেও আসছেন না। কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কেবল সাক্ষাত্ করছেন। সেখানে মিডিয়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রচারণা উপদেষ্টারা জানিয়েছেন, হিলারি মূলত এখন বিতর্কের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। অন্য সবকিছুর চেয়ে বিতর্কটাই তার কাছে গুরুত্বপূর্ণ। কারণ বিতর্ক কোটি কোটি মানুষ দেখেন। প্রথম বিতর্ক ৮ কোটি মানুষ দেখে বলে সিএনএন জানিয়েছিল। হিলারি চলতি সপ্তাহে কিছু সহযোগীকে বাছাই করেন। তারা বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে আরো বেশি আক্রমণ করার এবং দর্শক সারি থেকে যেসব প্রশ্ন আসে তার উত্তর সঠিকভাবে দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। বুধবারও তিনি তার ওয়াশিংটনের বাড়িতে অবস্থান করেন কেবল বিতর্কের প্রস্তুতির জন্য। ওই বাড়িতে তার সঙ্গে প্রচারণা কমিটির চেয়ারম্যান জন পোডেস্টা, পলিসি অ্যাডভাইজার জেক সুলিভান, রন ক্লেইন, ক্যারেন ডান এবং বিতর্ক দলের দুই শীর্ষ কর্মকর্তাকেও প্রবেশ করতে দেখা গেছে।
 
ট্রাম্পও বুধবার নাভাদায় বিতর্কের জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। তিনি বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের টাউন হলে বিতর্ক প্রস্তুতি নিবেন বলে তার প্রচারণা কমিটি সূত্রে জানা যায়। প্রথম বিতর্কের ভুল সংশোধন করে ট্রাম্পকে প্রস্তুত করছে তার বিতর্ক দল। ট্রাম্পের প্রচারণা বিভাগের ম্যানেজার কেল্লিয়ানে কনওয়ে জানিয়েছেন, তাদের প্রার্থী জোরালোভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানিয়েছেন, প্রথম বিতর্কের চেয়ে ট্রাম্প অনেক ভাল প্রস্তুতি নিচ্ছেন এবং ভাল করবেন বলে আশা করছেন। বিতর্কের জন্য নির্বাচনী প্রচারণা থেকেও দূরে থাকছেন ট্রাম্প।
 
 

ইত্তেফাক/এএন