ইউএনওর দায়েরকৃত মামলায় শিক্ষক গ্রেফতার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৩:২৫
 
লালমনিরহাটে পাটগ্রামে তথ্য প্রযুক্তি আইনে ইউএনওর দায়েরকৃত মামলায় বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঐ শিক্ষককে গ্রেফতার করা হয়।
 
মামলার বিবরণে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে গত ৭ আগস্ট পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর কুতুবুল আলম উপজেলার ছাট ঝালঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এসময় সহকারী শিক্ষক আনিছুর রহমান ডলার বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করে শোকজ করার ব্যবস্থা নিতে বলেন ইউএনও। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম (ভারপ্রাপ্ত) ঐ শিক্ষককে শোকজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নামে ঘুষ নেয়ার অভিযোগ করে রংপুর বিভাগীয় কমিশনার ও লালমনিরহাট জেলা প্রশাসকের মোবাইলে গত ১৭ আগস্ট তিনটি ও ১৮ আগস্ট একটি মেসেজ পাঠান অভিযুক্ত শিক্ষক। ঘুষ গ্রহণের মিথ্যা ঐ মেসেজের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মোবাইল নম্বর উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল আলম (ভারপ্রাপ্ত) জানান, শিক্ষক আনিছুর রহমান ডলার বিদ্যালয়ে অনুপস্থিতিত থাকায় তাকে শোকজ করা হয়।
 
এ ব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ(ওসি) অবনী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনিছুর রহমানকে তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস