রাজশাহীতে করদাতা-মূসক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৬:৩১
রাজশাহীতে দুইদিনব্যাপী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বিষয়ে করদাতা এবং মূসক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ট্রেনিং অফ ট্রেইনার্স (টিওটি) প্রশিক্ষণ এবং ট্যাক্স এডুকেশন ফোরাম (টিইএফ) ও ভ্যাট এডুকেশন ফোরাম (ভিইএফ) এর উদ্বোধন করা হয়েছে। 
 
শুক্রবার সকালে কর অঞ্চল রাজশাহীর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদু রউফ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগসহ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ, রাজশাহী ও রংপুর অঞ্চলের কর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহী কর অঞ্চলের কমিশনার মো. দবির উদ্দিন। 
 
প্রধান অতিথি মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব সংগ্রহ কার্যক্রম জোরদার করণের পাশাপাশি দেশে শিল্পায়ন, প্রবৃদ্ধি ও উন্নয়নে সন্মানিত করদাতাগণ আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন। সন্মানিত করদাতাদের সাথে বিভিন্ন সময় বিষয়ভিত্তিক আলোচনা, রাজস্ব সংলাপ, মতবিনিময় সভা এবং অন্যান্য অনুষ্ঠানে কর ও ভ্যাট প্রদান পদ্ধতি আরো সহজ করার জন্য আমাদের অনুরোধ করেছেন। আয়কর রিটার্ন জমাদান, ভ্যাট নিবন্ধনসহ অন্যান্য ক্ষেত্রে কর ও ভ্যাট প্রদানের বিষয়টি যাতে আরো সহজতর হয়, এ জন্য তাদের চাহিদা ও মতামতের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ‘কর ও ভ্যাট শিক্ষণ সহায়ক ফোরাম’ এর শুভ সূচনা করলাম। এই ফোরামের মতবিনিময় সভা রাজশাহী কর ও ভ্যাট কার্যালয় থেকে শুরু হতে যাচ্ছে। নভেম্বরের মধ্যে দেশের সকল কর ও ভ্যাট অফিসে এসব ফোরামের কার্যক্রম পর্যায়ক্রমে চালু হবে। রাষ্ট্রের সর্বক্ষেত্রে একটি রাজস্ব বান্ধব সংস্কৃতি চালুর লক্ষ্যে এসব ফোরাম থেকে সন্মানিত করদাতা ও ব্যবসায়ীগণ আয়কর ও ভ্যাট সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে সম্যক ধারণা পেতে সক্ষম হবেন বলে আশা করছি। 
 
 
 
ইত্তেফাক/এমআই