এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, 'নেতৃত্বে দক্ষতা উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ের নারী জনপ্রতিনিধি ও অন্যান্য নারী নেতৃত্বের সময়োপযোগী প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।'
তারা বলেন, 'স্থানীয় পর্যায়ের নাগরিক সেবায় সফল নেতৃত্বের শক্তি উন্নয়ন ও গতিশীলতায় প্রাণের সঞ্চার করে।'
গতকাল বৃহস্পতিবার ২৪ জন নারী জনপ্রতিনিধি ও নারী নেত্রীর দুই দিনব্যাপী নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
রাজশাহী জেলার তানোর উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিআরডিবি হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্ট ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সংরক্ষিত আসনে নারী জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করে।
'সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন'-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্স আয়োজনে সহায়তা করে 'অপরাজিতা: পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট অফ ওমেন।'
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের মধ্যে আত্মবিশ্বাস, জ্ঞান ও দক্ষতা তৈরি এবং তাদের কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সাহস সৃষ্টি করা। যাতে তারা তাদের ভোটারদের প্রতি নৈতিক দায় পূরণ করতে পারেন।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের (ডব্লিউডিএফ) সাধারণ সম্পাদক খলেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস- চেয়ারম্যান বন্দনা রানী প্রামানিক এবং ডব্লিউডিএফ সদস্য মাবিয়া বেগম, সমীরন কিসকু ও ফেরদৌসি বেগম বক্তব্য রাখেন।
প্রিপ ট্রাস্ট'র আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুজ্জামান, প্রোগ্রাম অফিসার আজিজুর রহমান, আঞ্চলিক হিসেব ও প্রশাসন কর্মকর্তা অলক প্রকাশ বসুও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সর্বোপরি বক্তারা নারী নেত্রীদের আত্মবিশ্বাস, জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা নারীরে ক্ষমতায়ন ও সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে নারীর সমঅধিকারনিশ্চিত করারও আহ্বান জানান। -বাসস।
ইত্তেফাক/এসএস
