লৌহজংয়ে নিখোঁজের ১৮ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২০:১৫
নিখোঁজের ১৮ দিন পর শুক্রবার লৌহজংয়ের বেজগাঁও পদ্মা নদী থেকে মাদরাসা ছাত্র রাশেদের (১৯) লাশ উদ্ধার করেছে লৌহজং থানার পুলিশ। এর আগে গত ১৯ সেপ্টেম্বর লৌহজং থানার পাশে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন বন্ধুদের সাথে ঘুরতে আসা ঢাকার শান্তিনগর এলাকার মাদরাসার শিক্ষার্থী রাশেদ। 
 
জানা যায়, তার বাড়ি মুন্সীগঞ্জের বাংলাবাজার এলাকায়। তার বাবার নাম আব্দুল খালেক। পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হলে রাশেদের লাশটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ৪দিন খোঁজাখুঁজি করে। ব্যর্থ হয়ে লাশটি উদ্ধারের কাজ সমাপ্ত ঘোষণা করেন। অবশেষে ১৮দিন পর শুক্রবার বিকেলে উপজেলার বেজগাঁও পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ উদ্ধার করে রাশেদের লাশ বলে এটি শনাক্ত করে।