যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধতা নিরসন করার জন্য এক মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ ভবদহ জলাবদ্ধতা নিরসন সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, 'যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় ১০ লাখ মানুষ দুই মাসের বেশি সময় পানিবন্দী হয়ে আছে। কিন্তু আজ পর্যন্ত পানি সরানোর জন্য কর্তৃপক্ষ কার্যকর কোন উদ্যোগ নেয়নি।' এই অভিযোগে বক্তারা মানুষের কষ্ট লাঘবের জন্য আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ঢাকাস্থ ভবদহ জলাবদ্ধতা নিরসন সমন্বয় কমিটির আহবায়ক সাংবাদিক মধুসূদন মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধনে সিনিয়র সাংবাদিক ফকির শওকত, সমন্বয় কমিটির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুর রহমান মিলন, কমিটির নেতা উজ্জ্বল কুমার বিশ্বাস, রাসেল পারভেজ, ইমরান গাজী, অনিক ইসলাম, আলী মুর্তজা প্রমুখ বক্তৃতা করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
