গাজীপুরের কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বেলায়েত হোসেন প্রধান (৩৮) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেন তারা।
আটক হওয়া বেলায়েত হোসেন কাপাসিয়া সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামের মৃত সাহেব আলী মোক্তারের ছেলে। বেলায়েত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধানের বড় ভাই।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমির হোসেন জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদ পেয়ে বেলায়েত হোসেনের বাড়িতে অভিযান চালান তারা। টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিছু ধাওয়া করে বেলায়েতকে আটক করা হয়। ওই সময় তার দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমির হোসেন বলেন, 'আটক হওয়া বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।'
ইত্তেফাক/এসএস
