দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দর ৭ দিন বন্ধ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৪:৪৫
 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সাত দিন বন্ধ থাকছে। শনিবার থেকে এই বন্দরের সকল আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
 
ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিমল রায় স্বাক্ষরিত এক পত্রে শারদীয় দুর্গোত্সব উপলক্ষে ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে সকল আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন। সে কারণে ভোমরাস্থল বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম টানা সাতদিন বন্ধ থাকবে।
 
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, আগামী ১৫ অক্টোবর শনিবার থেকে আবারো যথারীতি ভোমরা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
 
ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, টানা সাতদিন বন্ধের কারণে এই বন্দর থেকে সরকার প্রায় সাড়ে ১০ কোটি টাকার রাজস্ব হারাবে। আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
 
 
ইত্তেফাক/এএসএস