সিলেটে নির্মম নির্যাতনে নিহত শিশু রাজনের চেয়েও দ্রুততম সময়ে খাদিজার ওপর হামলাকারীর বিচার হবে বলে জানিয়েছেন সিলেটের পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
শনিবার বিকালে তিনি আহত খাদিজার বাড়িতে গিয়ে তার বাবা মাসুক মিয়া এবং মা মনোয়ারা বেগমের সঙ্গে দেখা করে কোশলাদি জিঞ্জাসা করেন।
তিনি বলেন, এ ঘটনার বিচার ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। এ ঘটনার সঙ্গে যেই হোক না কেন-তার দ্রুত বিচার করা হবে। এ সময় ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল ইসলাম, মোগলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান হিরণ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার বিচার দাবিতে শনিবার বিকালে সিলেট সদর উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখীতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমের ফাঁসির দাবি জানানো হয় । সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ছাড়াও খাদিজা বেগমের বাবা মাসুক আহমদ উপস্থিত ছিলেন।
