ভেনিজুয়েলায় সেনা ও সরঞ্জাম পাঠালো রাশিয়া

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৪:২০

ভেনিজুয়েলায় দুইটি সামরিক বিমানে সেনা ও সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার অন্তত ১০০ সেনাসহ দুইটি বিমান ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবতরণ করেছে।

তবে ভেনিজুয়েলার পক্ষ থেকে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে রাশিয়াও আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয় নি। 

ভেনেজুয়েলার এক সাংবাদিক হাভিয়ার মায়রকা এক টুইটার বার্তায় বলেন, দুইটি বিমান থেকে প্রায় ১০০ জন সেনা এবং ৩৫ টনের মতো সরঞ্জাম নামাতে দেখেছেন তিনি। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভেনিজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সেনা পাঠালো রাশিয়া। 

ফ্লাইট ট্র্যাকিং সাইটে দেখা যায়, রাশিয়ার মিলিটারি এয়ারপোর্ট থেকে গত শুক্রবার ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের উদ্দেশে যাত্রা করে দুটি বিমান।

গত দেড় মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো গত ২৩ জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়। সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়াইদোকে সমর্থন দেন। এছাড়া প্রায় ৫০ টি দেশ গুয়াইদোকে সমর্থন জানায়।

আরো পড়ুন: ক্রাইস্টচার্চে হামলার সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ জাসিন্ডার 

অন্যদিকে মাদুরোকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া চীনসহ আরও অনেক দেশ। 

ইত্তেফাক/এসআর