টাঙ্গাইলের কক্ষটি ছাত্র পরিচয়ে ভাড়া নেওয়া হয়

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০৮:৫৩
 
ছাত্র পরিচয় দিয়ে টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার মির্জা মাঠের পাশের তিন তলা বাড়ির নীচতলার একটি কক্ষ ভাড়া নেওয়া হয়। গত ২৭ সেপ্টেম্বর বাড়ির মালিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আজহারুল ইসলামের কাছে ঐ দুই ছাত্র জানান যে, এক সপ্তাহ পরে তারা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেবেন। এরই মধ্যে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে ঐ বাড়ির নীচতলায় জেএমবির একটি শক্তিশালী ঘাঁটি রয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঐ বাড়িটি র্যাব ঘিরে ফেলে। সিরাজগঞ্জ র্যাব-১২ থেকে আরো একটি দলসহ বোমা বিশেষজ্ঞ দল অভিযানে যোগ দেয়। প্রথম দফায় বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ করে গুলি করে জঙ্গিরা।
 
র্যাব-১২-এর অধিনায়ক শাহাবুদ্দিন খান এসব তথ্য জানিয়ে বলেন, র্যাবও পাল্টা গুলি ছোড়ে। র্যাব সদস্যরা বেলা সোয়া দুইটার দিকে কক্ষের ভেতরে প্রবেশ করেন। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুই জঙ্গির লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, ১০টি চাপাতি, দুটি চাকু, দুটি মোবাইল ফোন, ৬৪ হাজার ৯৬২ টাকা ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
 
ঘটনার সময় র্যাব সদস্য রেজাউল ও সাইফুল আহত হন। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, নিহত দুই জনের নাম আতিকুর রহমান আতিক (২৫), পিতা- লতিফুর রহমান ও সাগর (২০), পিতা- জোনায়েদ হোসেন। আতিকের বাড়ি রাজশাহীর চারঘাটে বলে জানা গেছে।
 
র্যাব জানায়, জঙ্গিরা বড় ধরনের কোনো হামলার পরিকল্পনা করছিল। নিহতরা নব্য জেএমবির সদস্য। একটি কক্ষ গত ২৭ সেপ্টেম্বর ভাড়া নেয়। ২৮ সেপ্টেম্বর তারা জিনিসপত্র নিয়ে বাসায় ওঠে।