চার মাসেও গ্রেফতার হয়নি আফসানার হত্যাকারীরা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৭:১৫
চার মাস পেরিয়ে গেলেও টাঙ্গাইলের মির্জাপুরের আফসানার (২০) ঘাতকদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ করে হত্যাকারীদের পক্ষ নিয়েছে পুলিশ।
 
মির্জাপুরের আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামের দরিদ্র দিনমজুর পরিবারের মেয়ে আফসানা। নিহত হওয়ার সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। আফসানার পরিবারের অভিযোগ, যৌতুকের অর্থ দিতে না পারায় স্বামী লাল চাঁন তাকে হত্যা করেছে।
 
আফসানার বাবা আবু হানিফ ও মা জয়গন বেগমের অভিযোগ, প্রায় দেড় বছর আগে একটি মোটর সাইকেল,পাঁচ ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা যৌতুক দিয়ে লালচাঁনের সঙ্গে আফসানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিদেশ যাওয়ার কথা বলে আরও তিন লাখ টাকার জন্য চাপ দিত থাকে লাল চাঁন। কিন্তু টাকা এনে দিতে না পারায় আফসানার উপর নির্যাতন করা হতো। আফসানার পরিবার এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে লালচাঁন ও তার সহযোগীরা গত ২০ জুন আফসানাকে নির্যাতন চালিয়ে নিজ বাড়িতে হত্যা করে।
 
আফসানার বাবা আবু হানিফ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় লাল চান,তমসের আলী ও মর্জিনাকেসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করা হয়। আফসানার বাবার অভিযোগ, মামলার তদন্তকারী পুলিশ অফিসার বাবুল ও ওসি (তদন্ত) এস এম তুহিন আলী আসামী পক্ষ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ করে আসামীদের পক্ষ নিয়েছে। বিচার পেতে গত ১১ আগস্ট টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা দায়ের করেন আবু হানিফ। এই মামলার পর আসামীরা আফসানার পরিবারকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।
 
হত্যাকারীদের বিচারের দাবিতে, শনিবার মির্জাপুর-কেদারপুর রাস্তা অবরোধ করে খাগুটিয়া বাজারে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মানব বন্ধনের আগে সংবাদ সম্মেলনে আফসানার অসহায় দরিদ্র দিনমজুর পিতা মো. হানিফ মিয়া ও মা জয়গন বেগম হত্যার বিস্তারিত তুলে ধরেন।