লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৬নং কেরোয়া ইউনিয়নের বতর্মান প্যানেল চেয়ারম্যান আরিফুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হয়েছেন। তবে পরিবারের দাবি তাকে সাদা পোশাকধারী রায়পুর থানার পুলিশ তুলে নিয়েছে। গত শনিবার দুপুর ১২ টা থেকে সে নিখোঁজ রয়েছে। তবে এঘটনাটি পুলিশের জানা নেই বলে দাবি করেন থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন। আরিফ উপজেলার ৬নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মৃত সফিকুল ইসলামের ছেলে।
রবিবার দুপুরে নিখোঁজ আরিফের ছোট ভাই ফরহাদ হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শনিবার দুপুরে জোড়পুল নামকস্থানে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রায়পুর থানার এসআই হাক্কানিসহ সোদা পোশাকধারী ৪-৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তার ভাই আরিফকে ধরে নিয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরিফের মোটরসাইকেলটিও নিয়ে যায় তার সাথে।
তিনি আরো জানান, এরপর রবিবার দুপুর পর্যন্ত রায়পুর ও লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন।
অভিযুক্ত রায়পুর থানার এসআই হাক্কানি বলেন, আরিফ নামে কাউকে তারা আটক করেননি এবং নিখোঁজ হওয়ার ব্যাপারটি তিনি অবগত নন। তিনি এ ব্যাপারে কিছুই জানে না।
তবে এ অভিযোগের ব্যাপারে রায়পুর থানার (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, আরিফের সাথে পুলিশের দীর্ঘ একসপ্তাহ কোন যোগাযোগ হয়নি। ওই এলাকায় পুলিশ গেলে প্রায় সময় তার মোবাইল বন্ধ থাকে। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
ইত্তেফাক/এমআই
