‘আনসার-ভিডিপি সদস্যদের জঙ্গিবাদ দমনে কাজ করতে হবে’

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৭:৩৫
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদ দমনে কাজ করতে হবে। গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজর রাখতে হবে। একই সঙ্গে সমস্যা-সংকটে সেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। 
 
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলার বার্ষিক সমাবেশে তিনি এসব কথা বলেন। 
 
রবিবার দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান।
 
প্রধান অতিথির ভাষণে আনসার ভিডিপি মহাপরিচালক বলেন, দেশে প্রতি আড়াই হাজার মানুষের নিরাপত্তায় একজন র‌্যাব এবং প্রতি ১২শ’ লোকের জন্য একজন পুলিশ রয়েছে। তবে মাত্র ২৬ জন মানুষের নিরাপত্তায় রয়েছে একজন আনসার ভিডিপি সদস্য। যে কারণে আনসার ভিডিপি সদস্যদের প্রতিটি মানুষের কাছাকাছি পৌঁছানোর সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দেশ ও মানুষের নিরাপত্তা এবং সমস্যা-সংকটে তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
 
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান, খুলনা রেঞ্জ পরিচালক মোহা. আকবর আলী, র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক। 
 
বক্তৃতা করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক রবীন্দ্রনাথ সরকার ও ব্যবস্থাপক মো. এনামুল হক। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা কমান্ড্যান্ট শেখ মনিরুজ্জামান। প্রতিবেদন পাঠ করেন শাহনাজ বেগম ও মো. ফিরোজ মিয়া।
 
সমাবেশ শেষে বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
 
 
 
ইত্তেফাক/এমআই