সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (বিপিএম) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় প্যানেল চেয়ারম্যান আরিফুর রহমানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে তাকে লক্ষ্মীপুর আদালতে হাজির করে পুলিশ। আরিফ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৬নং কেরোয়া ইউনিয়নের বতর্মান প্যালেন চেয়ারম্যান এবং একই এলাকার মৃত সফিকুল ইসলামের ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, আরিফকে বিকালে আটক করে পুলিশের এসপির বাড়িতে ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আরিফ ডাকাতির ঘটনায় সাথে জড়িত থাকার অনেক প্রমাণ পাওয়া গেছে।
প্রসঙ্গত মঙ্গলবার ভোর রাতে সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিমের (বিপিএম) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামে গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা এসপি সেলিমের মা আনোয়ারা বেগম ও বাবা আব্দুল কাদেরকে মারধরে দিয়ে গুরুতর আহত করে। এঘটনায় পর দিন এসপির ভাই মুক্তার হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাত নামায় একটি ডাকাতির মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ৪ জন তালিকাভুক্ত ডাকাতকে গ্রেফতার করে।
