সিসিসি'র ২২২৫.৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৯:৫৪
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) রবিবার বন্দরনগরীর অবকাঠামোগত উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য ২২২৫.৬৭ কোটি টাকার একটি ভারসাম্যপূর্ণ বাজেট ঘোষণা করেছে।
 
সিসিসি'র কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে মেয়র আ জ ম নাসির উদ্দিন বলেন, এই বাজেটে কোন নতুন কর আরোপ করা হয়নি এবং নগরের বাসিন্দাদের অধিকতর নাগরিক সুবিধা দেয়ার লক্ষ্যসম্বলিত উন্নয়নমুখী বাজেট।
 
মেয়র তার বাজেট বক্তৃতায় বলেন, 'তার দ্বিতীয় প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্য খাত এবং নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতার অবসানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।'
 
বাজেট ঘোষণা করে তিনি বলেন, 'সিসিসি বন্দর নগরীকে পরিচ্ছন্ন ও গ্রিন সিটি হিসাবে গড়ে তোলা, ১৯৯৫ সালের মহাপরিকল্পনা অনুযায়ী নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন, গার্মেন্টস ভিলেজ স্থাপন ও কালুরঘাটে একটি বাস টার্মিনাল নির্মাণসহ ৩৬টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।'
 
তিনি বলেন, 'মোট বাজেটের মধ্যে ১১৯৭.৪২ কোটি টাকা সিসিসি’র নিজস্ব তহবিল থেকে আসবে এবং ৯৮৫.১০ কোটি টাকা আসবে বিভিন্ন উন্নয়ন অনুদান থেকে।'
 
এক প্রশ্নের জবাবে সিটি মেয়র বলেন, 'এই প্রস্তাবিত বাজেট বাস্তবের কাছাকাছি, উচ্চাবিলাসী নয়।' মেয়র ২০১৪-১৫ অর্থবছরের জন্য ৫৯২ কোটি ৬৬ লাখ টাকার সম্পূরক বাজেটও ঘোষণা করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস