‘বাংলাদেশে জঙ্গিবাদ কখনোই শেকড় গেড়ে বসতে পারবে না’

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১২:০৫
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে  জঙ্গিবাদ কখনোই  শেকড় গেড়ে বসতে পারবে না। বাংলাদেশ লালন ফকিরের দেশ। রাধা রমন, পাগলা কানাই, রবীন্দ্রনাথ, নজরুল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ। এ দেশে ইসলাম প্রচার করেছেন ফকির, দরবেশ, আউলিয়া, সাধক ও সুফিরা। ওনারা শান্তিবাদী। এ জন্য আমার দেশের মানুষ এগুলোকে সমর্থন করেন না।’
 
রবিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকাহ মাঝিপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। এ দেশের একমাত্র সংখ্যালঘু জঙ্গি ও ক্রিমিনাল। আইন শৃংখলা বাহিনী তাদের প্রতিহত করছে। জঙ্গি ও ক্রিমিনালদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।’
 
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘ঐক্য থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয়। আমাদেরে দেশের মানুষ সকল ধর্মের  উৎসবে মিলেমিশে একাকার হয়েছে।  সাম্প্রতিক বছরগুলোতে সাজিক মেলবন্ধন সুসংহত ও সুদৃঢ় হয়েছে। এই মেলবন্ধন জাতীয় ঐক্যের বিশেষ লক্ষণ।’
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব নাথ রায়ের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বক্তব্য রাখেন। জেলা পুলিশ সুপার এসএম এমরান হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক, পৌর সভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু ও লতিফপুর ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলামসহ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ