যশোরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহত এজাজ হোসেন (৪০) জেলা সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সোমবার সকালে চুড়ামনকাঠিতে এজাজকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগ পাওয়া গেছে, চুড়ামনকাটি এলাকার সন্ত্রাসী মোস্ত মেম্বারের নেতৃত্বে তাকে খুন করা হয়েছে।
স্থানীয়রা জানান, এজাজ সকাল সোয়া আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে একটি নসিমনে চুড়ামনকাঠি বাজারের উদ্দেশ্যে রওনা হয়। ঝাউদিয়া পুকুর পাড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ঝাউদিয়া বাঁওড় নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। একই বিরোধের জেরে এরা এজাজের ভাইকেও খুন করেছিল বলে অভিযোগ রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
