সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হরিন চড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখল করে বেগুন চাষ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ৩৩ শতক জায়গার উপর ১৯৯৫ সালে বিদ্যলয়টি প্রতিষ্ঠিত হয়। কিন্তু গত প্রায় এক বছর ধরে এলাকার প্রভাবশালী নওজেশ আলী আকন্দ বিদ্যালয়ের ১৩ শতক জমি নিজের বলে দাবি করে আসছে। গত কিছুদিন আগে তিনি দাবিকৃত ১৩ শতক জমি দখলে নিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, ছানোয়ার হোসেন জানান, এরই মধ্যেই নওজেশ আলী আকন্দ বিদ্যালয়ের ১৩ শতক জমি দখল করে নিয়েছে এবং বেঁড়া দিয়ে গাছ ও বেগুনের চারা লাগিয়েছে। এ নিয়ে এক মাসে আগে তাকে নওজেশ আলীর লোকজন মারধর করে।
তিনি জানান, এ সব ঘটনার কারণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। তিনি আরো জানান, এরই মধ্যে এই স্কুলের ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক ৬৮ লক্ষ ৩১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ভবন নির্মাণের কাজ চলমান থাকলেও বেদখলকৃত জমির কারণে নির্মাণ কাজে বিঘ্ন ঘটেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি মাহমুদ ইজদানীর সঙ্গে মোবাইলে যোগযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন বলে জানান।
ইত্তেফাক/এএসএমইউ
