গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেকের জঙ্গিদের বাসার মালিকের স্ত্রী ও ভাইকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে জয়দেবপুর ও কালীগঞ্জ থানার পুলিশ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। শনিবার সকালে নোয়াগাঁও পাতারটেকের বাড়িটিতে অভিযানের পর তারা কালীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই তাদের আটক করা হয়। সোমবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম, পিপিএম (বার) তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন বাড়ির মালিক সৌদি প্রবাসী সোলায়মান সরকারের স্ত্রী সালমা বেগম (৩২) ও তাঁর বড় ভাই ওসমান সরকার (৪৮)। ওসমান সরকার জাঙ্গালিয়া গ্রামের আবদুল মজিদ সরকারের ছেলে। তিনি পাতারটেক ওই দোতলা বাড়ির দেখাশোনা করতেন।
পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, পুলিশি অভিযানে ৭ জঙ্গি নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আটককৃতদের নাম নেই। নিহত ওই যুবকদের কিভাবে এবং কোন পরিচয়ে ভাড়া দিয়েছিলেন এসব তথ্য জানতে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে তারা জানিয়েছেন ভোটার আইডি কার্ড নিয়ে ওই যুবকদের ভাড়া দিয়েছিলেন। কিন্তু পুলিশকে ভাড়াটেদের তথ্য জানানোর কথা থাকলেও তারা তা করেনি। তথ্য গোপন করে তারা বাড়ি ভাড়া দিয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত শনিবার গাজীপুর শহরের হাড়িনাল পশ্চিমপাড়া লেবুবাগান ও পার্শ্ববর্তী নোয়াগাঁও পাতারটেকের দু’টি বাড়িতে অভিযান চালায় র্যা ব পুলিশ। এ সময় পাতারটেকে ৭ এবং লেবুবাগানে ২জনসহ মোট ৯ জঙ্গি নিহত হয়।
ইত্তেফাক/আরএ
